ইসলাম ও মুসলিম ২৪ আগস্ট ২০২৫ ⏱ ৫ মিনিট পড়া

আলেমদের কুরবানি এবং কুরবানির গরু

প্রকাশক — পর্যবেক্ষণ
আলেমদের কুরবানি এবং কুরবানির গরু


১

কিছু আলেম(!) বিএনপির সাথে জোট করে যেকোনো মূল্যে ৩/৪টি আসন বাগাতে চাইছেন। কিছু আলেম(!) জামাতে ভরসা করে ফায়দা হাসিল করতে চাইছেন। আবার কেউ কেউ “ওয়েট অ্যান্ড সী” মুডে বসে আছেন—ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায়। অথচ, এর-ওর কোল ছেড়ে নিজেরা যদি একে অন্যের হাত ধরতেন, বাংলাদেশে ইসলামী রাজনীতির চেহারা অন্যরকম হতো।

রাখঢাক তো অনেক হলো। কায়দা-কানুন করে কথা তো আর কম বলা হলো না। কিন্তু কারও কোনো কথা কি তারা আমলে নিলেন? তাছাড়া, আগে যা-ও একটু রয়েসয়ে চাটুকারি করা হতো, এখন তো একেবারে ঘোমটা খুলেই নেমে পড়া হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, একেকজন পারলে পেটিকোটের কাপড় দিয়ে পানজাবি বানিয়ে সেই পানজাবির বুকপকেটে Made by Petticoat লিখতেও রাজি। তাহলে আমাদের আর এতো ঘুরিয়ে-পেচিয়ে কথা বলার দরকার কী? যা বলার, সোজা-সাপ্টাই বলা দরকার।

২

তার আগে চলুন একটা পরিসংখ্যান সামনে আনি। জানি, কাজ হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম-সূত্রে কারও অন্তর যদি মরে যায়, ওয়া আলা সাময়িহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ-সূত্রে অন্ধত্বের সাথে সাথে কানও যদি বন্ধ হয়ে যায়, তাহলে এরা পথ দেখালেও দেখে না, মত শোনালেও শোনে না। অবশ্য কানের পর্দাগুলো ফেটে যাওয়ায় তাদের নিজেদের একটা লাভ হয়েছে। এই যে মানুষ তাদের ঘৃণার সাথে গালাগালি করছে, এগুলো আর তাদের কানের ফাটা পর্দা ভেদ করে মগজে গিয়ে ঢুকছে না।

৩

বাংলাদেশে ২০ হাজার কওমি মাদরাসা আছে। কোনো মাদরাসায় ১০০ ছাত্র, কোনো মাদরাসায় ৫০০, কোনো কোনো মাদরাসায় ২/৩/৫ হাজার। গড়ে যদি ২০০ করে ছাত্র ধরি, তাহলে ২০ হাজার মাদরাসায় ৪০ লাখ ছাত্র।

এই ৪০ লাখের আছেন ৮০ লাখ বাবা-মা। ২ জন করে ভাই-বোন থাকলে কম করে হলেও আরও ৮০ লাখ। মামা-চাচা, খালা-ফুফু, দুলাভাই-ভাবিসহ অন্যান্য আত্মীয়-স্বজন যদি আরও ৫/৭ জন করে থাকেন, আর তাদের মধ্যে ৩ জনকে ম্যানেজ করা কি খুব কঠিন? তাহলে ৪০ লাখ ছাত্রের ৩ জন করে আত্মীয়-স্বজন মানে আরও ১ কোটি ২০ লাখ।

৪

৪০ লাখ ছাত্রের মধ্যে ৫০%ও যদি ভোটার হয়, তাহলেও ২০ লাখ। তাদের ৮০ লাখ বাবা-মার অর্ধেকও যদি জীবিত থাকেন, তাহলেও ৪০ লাখ। ৮০ লাখ ভাই-বোন। ছোটদের বাদ দিলাম—২০ লাখ বাদ। তবুও তো ৬০ লাখ।

বাংলাদেশের প্রায় ৪ লাখ মসজিদে আছেন ৪ লাখ ইমাম এবং ৪ লাখ মুয়াজ্জিন। এই ৮ লাখের বাবা-মা/স্ত্রী-সন্তান, ভাই-বোন মিলিয়ে গড়ে ৪টি করে ভোট হলেও তো আরও ৩২ লাখ। ৩২ আর ৮ মিলে ৪০ লাখ হয়। একজন ইমাম যদি তাঁর মুসল্লিদের মধ্যে মাত্র ৫ জন করে মানুষ টার্গেট করেন, তাহলে তাঁর পক্ষে সেই লোকগুলোকে কনভিন্স করে ভোট দেওয়ানো সম্ভব। তার মানে, কম করে হলেও আরও ২০ লাখ।

৫

তাহলে,

  • ছাত্র ভোটার: ২০ লাখ

  • তাদের বাবা-মা ভোটার: ৪০ লাখ

  • তাদের আত্মীয়-স্বজন ভোটার: ১ কোটি ২০ লাখ

  • তাদের ভাই-বোন ভোটার: ৬০ লাখ

  • ইমাম-মুয়াজ্জিন ভোটার: ৮ লাখ

  • ইমাম-মুয়াজ্জিনের ফ্যামিলি ভোটার: ৩২ লাখ

  • ইমাম-মুয়াজ্জিনের মুতাআল্লিকীন ভোট: ২০ লাখ

➡️ সংখ্যাটা দাঁড়াল, ৩ কোটি।

২০ আগস্ট ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ১২,৬১,৭০,৯০০ জন। ৩ কোটি ভোটার মানে বাংলাদেশের মোট ভোটারের প্রায় ২৫%। ক্যান উই ইমাজিন?

৬

হয়তো কিছু কম, হয়তো আরও বেশি। সংখ্যাটা এখানে ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো ফাউন্ডেশন—সম্ভাবনার ফাউন্ডেশন। নিজেদের এতো সুন্দর একটি বীজতলা থাকতে সেটার পরিচর্যা বাদ দিয়ে অন্যের বাগানে কুলিগিরি করতে এতো ভালো লাগে কেন?

নিজস্বতা নিলামে তুলে বেইজ্জতির জয়ের চেয়ে ইজ্জতের সাথে মাথা উঁচিয়ে হেরে যাওয়াও যে ইজ্জতের, এটাও যদি না বুঝেন, তাহলে রাজনীতি বাদ দিয়ে মাঠে ছাগল চরাতে যান। নবিগণ ছাগলও চরিয়েছেন। আপনাদের জন্য নবিওয়ালা এই কাজটাই বেশি মানানসই হবে।

৭

ছোটবেলা ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে স্বপ্ন দেখতাম। কৈশোরে এ নিয়ে প্রচুর লেখালেখিও করেছি। ভেবেছি কাজ হবে। আজ না হলে কাল হবে। কাল না হলে পরশু। কাজ হয়নি। ‘হয়নি’-তে থেমে থাকলেও কথা ছিল। দিনকে দিন অনৈক্যের আরও ডালপালা ছড়িয়েছে। দূরত্ব আরও বেড়েছে। একটা পর্যায়ে পরস্পরকে ঘায়েল করার প্রবণতাও যখন শুরু হল, প্রত‍্যাশার গলাটিপে হত্যা করে ফেললাম। এখন আর ঐক্যের স্বপ্ন দেখে ঘুম নষ্ট করি না। কোনো কারণ নেই!

৮

ঐক্য হবে না জানি, জোটবদ্ধতা তো হতেই পারতো। অন্যদের সাথে করতে পারলে নিজেদের মধ্যে করলে অসুবিধা কোথায়? আহলে হক আর আকিদার পক্ষে আজীবন বড় বড় কথা বলা হযরতগণের বিএনপি-জামাতের পায়ের দিকে বাড়ানো হাতটি নিজেদের একে অন্যের দিকে বাড়ানো যেত। যদি তাই হতো, বাংলাদেশের কওমি প্রজন্ম তাদেরকে মাথায় তুলে রাখত। তাদের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেত। বলত, চুয়ান্ন বছর তো সব দেখলাম। একবার না-হয় আলেমদের সংসদে পাঠিয়ে দেখি। আমার বিশ্বাস, বিরাট কিছু না হলেও একটা কিছু হতো।

৯

কিন্তু সেটা তারা করবেন না। আকাবির-আসলাফের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলা কেউ কেউ এখন খালেদা জিয়ার ছবির নিচে সুখ খুঁজছেন। জামাত-শিবিরকে বেয়াদব-বে-আমল-উশৃঙ্খল এবং ফিরাকে বাতিলা বলে বলে মুরিদ বাড়ানো পির সাহেবরা জামাতের সাথে জমাতবদ্ধ হয়ে ইসলাম কায়েম করে ফেলার কথা ভাবছেন। মিয়াসাব! দিল্লি বহুত দূর হায়। আমও যাবে, ছালাও যাবে। বসে বসে বড়াই চুষবেন।

১০

পরিষ্কার ভাষায় বলি। যারা এদিক-ওদিক গেছেন, যারা “যাব যাব” করছেন আর যারা লাইনে আছেন—কথাগুলো সবার জন্য। একটি-দুটি আসনের জন্য আলেম নামধারী যারাই নির্বাচনী গাই হয়ে কুরবানির বাজারে উঠবেন, তিনি যেই হোন, এমনকি আমার বাবা কিংবা উস্তাদ হলেও, আমরা তাদের 'রাজনৈতিক গাই' হিশেবে চিহ্নিত করতে শুরু করব। আর কওমি প্রজন্ম যদি তাদেরকে পাবলিকলি বয়কটের ডাক দেয়, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব।

১১

আমাদের পূর্বসুরীদের অনেক কুরবানির বিনিময়ে আমরা একটি ঐতিহ্যের ধারক হয়েছি। গুটি কয়েক আলেম এমপি হওয়ার খাহেশ চরিতার্থ করবার জন্য আমাদের ঐতিহ্যের কফিনে পেরেক ঠুকে যদি কুরবানির গরুর মতো নির্বাচনী নিলামে উঠেন—খোদার কসম, আমরা তাদের কাউকেই ছেড়ে কথা বলব না।

রশীদ জামীল

শেয়ার করুন
Facebook X WhatsApp Telegram LinkedIn
QR কোড স্ক্যান করে পড়ুন
বিভাগ: ইসলাম ও মুসলিম © ২০২৬ পর্যবেক্ষণ

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য করুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

একই বিভাগের অন্যান্য লেখা

লিবারেল মুখোশের আড়ালে জামায়াত: কেন ভয়টা থেকেই যায়
ইসলাম ও মুসলিম

লিবারেল মুখোশের আড়ালে জামায়াত: কেন ভয়টা থেকেই যায়

??ামায়াতকে আমি ভয় পাই—এই কথাটা কখনও ভয়ে বলি না। ভয়টা হলো, জামায়াত যত ক্ষমতাবান হবে, তত বেশি ধর্মীয় ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়বে। এবং এই…

পর্যবেক্ষণ ২৭ জানুয়ারি ২০২৬
যে সাফাই জামায়াতকে বাঁচায়, কিন্তু ইসলাহকে মেরে ফেলে
ইসলাম ও মুসলিম

যে সাফাই জামায়াতকে বাঁচায়, কিন্তু ইসলাহকে মেরে ফেলে

??ই মুহূর্তে জামায়াতের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভেতর থেকে গড়ে ওঠা কিংবা বাইরে থেকে যাওয়া একদল প্রজ্ঞাবান, ন্যায়নিষ্ঠ ও আদর্শে অবিচল উলামা…

পর্যবেক্ষণ ২৪ জানুয়ারি ২০২৬
কৌশলের নামে গণতন্ত্রের ফাঁদে ইসলামপন্থীরা
ইসলাম ও মুসলিম

কৌশলের নামে গণতন্ত্রের ফাঁদে ইসলামপন্থীরা

??ুয়াড়িদের মধ্যে একটা কথা প্রচলিত আছে: “The house always wins।” শেষ পর্যন্ত ক্যাসিনোই (জুয়াঘর) জিতবে। কিন্তু এই প্রচলন এবং আরও অনেক…

পর্যবেক্ষণ ২৯ সেপ্টেম্বর ২০২৫
↑